প্রকাশিত: Fri, Apr 14, 2023 2:54 AM
আপডেট: Fri, Jun 5, 2026 8:45 AM

অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াই নদী শুষ্ক ও বর্ষা, দুই মৌসুমেই ভয়ংকর

ফয়সাল চৌধুরী: এক সময়ের প্রমত্তা গড়াই এখন পরিণত হয়েছে ছোট খালে। নেমে গেছে পানির স্তর। কুষ্টিয়া পৌর এলাকাসহ  আশেপাশের লক্ষাধিক নলকূপে উঠছে না পানি।  জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। 

বন্যার সময় নদীভাঙন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে গড়াইপাড়ের মানুষের দুর্ভোগের শেষ থাকে না। মূলত কয়েক মাস আগেও গড়াই নদীর পানিতে ভেসেছে জনপদ। নদী ভাঙনে গ্রাস করেছে গ্রামের পর গ্রাম। বন্যা আর নদীভাঙনে কেড়েছে কৃষকের স্বপ্ন। কিন্তু মাস ঘুরতেই পানির অভাবে সেই গড়াই এখন শুকিয়ে খাঁ খাঁ করছে। 

কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ বলছে, নদীর নাব্য না থাকার পাশাপাশি পানির স্তর বিগত বছরেরগুলোর তুলনায় প্রায় ২৫ থেকে ৩০ফিট নেমে যাওয়ায় হস্তচালিত নলকূপে পানি উঠছে না। তবে পানির স্তর এভাবে কমে যাওয়ার পেছনে যত্রতত্র গভীর নলকূপ ব্যবহারকে দায়ী করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় ৬৭৩ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ৪৪ কিলোমিটার পুনঃখনন ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। 

গড়াই নদীতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ঠিক রাখতে ২০১৮ সালে কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। কাজ শেষ না হওয়ায় ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পের ৪৪ শতাংশ কাজ শেষ হয়েছে। সম্পাদনা: মুরাদ হাসান